• ২২ কার্তিক ১৪৩৩, বুধবার ১১ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Diamond Harbour

কলকাতা

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার ১ কোটি ২ লক্ষ টাকা! টাকা রাখা নিয়ে বিস্ফোরক দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি দলীয় কার্যালয় থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। টাকার উৎস নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখনই মুখ খুললেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পরিকল্পিত ভাবে ওই টাকা সেখানে রাখা হয়েছিল। গোটা ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন তিনি।বুধবার সরিষার একটি তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালিয়ে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার সাংবাদিক বৈঠক করে এই খবর জানান। জানা গিয়েছে, ওই পার্টি অফিসটি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের।টাকা উদ্ধারের ঘটনা সামনে আসতেই সমাজমাধ্যমে নিজের বক্তব্য জানান অভিষেক। তাঁর দাবি, প্রায় ছমাস আগে বিজেপির দুষ্কৃতীদের হামলায় ওই জায়গায় ভাঙচুর হয়েছিল। পরবর্তী সময়ে পুলিশি তদন্তে জায়গাটিকে অপরাধস্থল হিসেবে চিহ্নিত করা হয়। তাঁর অভিযোগ, সেই জায়গাতেই পরিকল্পনা করে ভুয়ো এবং জাল প্রমাণ রাখা হয়েছে।অভিষেকের বক্তব্য, এর পিছনে উদ্দেশ্য হল ন্যায়বিচারের পথে বাধা তৈরি করা এবং পুলিশি তদন্তকে প্রভাবিত করা। পাশাপাশি আইন ও প্রশাসনকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।এই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদেরও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর বক্তব্য, যাঁরা এই ষড়যন্ত্রের পরিকল্পনা করেছেন এবং যাঁরা তাঁদের নির্দেশে কাজ করেছেন, তাঁদের প্রত্যেককে দায় নিতে হবে। প্রমাণ জাল করা, তদন্তে বাধা দেওয়া কিংবা ক্ষমতার অপব্যবহারের মতো কাজের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।অভিষেক আরও জানিয়েছেন, রাজনৈতিক মদত, সরকারি পদ কিংবা পুলিশের ক্ষমতা ব্যবহার করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবেন, এমনটা ভাবার কোনও কারণ নেই।পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করার পরেই এই বিপুল পরিমাণ টাকার বিষয়ে তথ্য পান তদন্তকারীরা। সেই সূত্র ধরেই সরিষার ওই পার্টি অফিসে তল্লাশি চালানো হয়। তার পরেই উদ্ধার হয় নগদ টাকা। তবে এই টাকার উৎস কী এবং কী কারণে এত টাকা সেখানে রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।অন্যদিকে, এই ঘটনা নিয়ে অভিষেককে নাম না করে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, উদ্ধার হওয়া এই টাকা খুব বেশি কিছু নয়। হয়তো ভুল করে ওই টাকা সেখানে রেখে যাওয়া হয়েছিল। পাশাপাশি, বেনামে জমি কেনার অভিযোগও তুলেছেন তিনি।সব মিলিয়ে ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি টাকার বেশি নগদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। একদিকে অভিষেকের ষড়যন্ত্রের অভিযোগ, অন্যদিকে শুভেন্দুর পাল্টা কটাক্ষ। উদ্ধার হওয়া টাকার উৎস এবং এর পিছনে আসল ঘটনা কী, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

নভেম্বর ০৫, ২০২৬
রাজ্য

অভিষেকের বিরুদ্ধে বড় অভিযোগ! সাড়ে সাত বছর পর ডায়মন্ড হারবারে দায়ের এফআইআর

বিধায়কদের সই জাল কাণ্ডে সিআইডির সমন ঘিরে বিতর্কের মাঝেই নতুন করে চাপে পড়লেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাস, যিনি ববি নামেও পরিচিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জাহাঙ্গির খান-সহ চল্লিশের বেশি তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।অভিজিৎ দাসের দাবি, দুই হাজার আঠারো সালের একুশ ডিসেম্বর ডায়মন্ড হারবারের কপাটহাট মোড়ে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তিনি হামলার শিকার হন। সেই সময় তিনি বিজেপির জেলা সভাপতি ছিলেন। অভিযোগ, পরিকল্পনা করে তাঁর উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল।হামলায় গুরুতর জখম হন অভিজিৎ। কোমর থেকে পা পর্যন্ত আঘাত লাগে তাঁর। অভিযোগ, মারধরের ফলে তাঁর মেরুদণ্ডেও চিড় ধরে। মাথাতেও গুরুতর আঘাত করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অস্ত্রোপচারও করাতে হয়েছিল তাঁকে।অভিজিৎ দাসের অভিযোগ, সেই সময় তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর তিনি আবার এই ঘটনার বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন।মঙ্গলবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার থানায় নতুন করে অভিযোগ দায়ের করেন তিনি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জাহাঙ্গির খান-সহ একচল্লিশ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও প্রায় দেড়শো জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার প্রসঙ্গ তুলে অভিজিৎ দাস বলেন, হামলার আগে তিনি সম্ভাব্য আক্রমণের খবর পেয়েছিলেন এবং পুলিশকেও জানিয়েছিলেন। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ। তিনি দাবি করেন, হামলার পর তাঁকে প্রায় মৃত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়েছিল এবং আজও সেই আঘাতের শারীরিক প্রভাব বহন করছেন।এতদিন পরে কেন অভিযোগ নিয়ে ফের সামনে এলেন, সেই প্রশ্নের জবাবে অভিজিৎ বলেন, সে সময় স্থানীয় পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করেনি। তাই তিনি ন্যায়বিচার পাননি। এখন তিনি আশা করছেন, ঘটনার সঠিক তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।উল্লেখযোগ্যভাবে, এই অভিযোগপত্রে নাম থাকা জাহাঙ্গির খানকে ইতিমধ্যেই অন্য একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিযোগে নাম থাকা অন্যদের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।সাড়ে সাত বছর আগের একটি রাজনৈতিক হামলার অভিযোগ নতুন করে সামনে আসায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। তদন্তে কী তথ্য উঠে আসে এবং অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

জুন ১০, ২০২৬
রাজ্য

পঞ্চায়েত প্রধানের বাড়িতে হানা, উদ্ধার পুলিশের পোশাক ও গুলির খোল! ডায়মন্ড হারবারে তীব্র চাঞ্চল্য

ডায়মন্ড হারবারে এক পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, সরিষার কামারপোল গ্রাম পঞ্চায়েতের প্রধান মইদুল ইসলামের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী, ওষুধ, ত্রিপল, কম্বল এবং পুলিশের পোশাক উদ্ধার হয়েছে। পাশাপাশি গুলির খোল ও বাক্সও পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে কয়েক জন গ্রামবাসী খবর পান যে প্রধানের বাড়িতে বিপুল পরিমাণ সামগ্রী মজুত রয়েছে। এরপর তাঁরা সেখানে গিয়ে বিভিন্ন ঘরে তল্লাশি চালান বলে দাবি। অভিযোগ, সেখান থেকে হাজার হাজার ত্রিপল, শিশুদের খাদ্যসামগ্রী, পোশাক, কম্বল এবং প্রচুর ওষুধ উদ্ধার হয়।স্থানীয়দের আরও দাবি, উদ্ধার হওয়া ওষুধের মধ্যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত সেবাশ্রয় শিবিরের চিহ্নযুক্ত ওষুধও ছিল। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ঘটনার সবচেয়ে বিতর্কিত দিক হল, প্রধানের বাড়ি থেকে পুলিশের পোশাক এবং গুলির খোল উদ্ধার হওয়ার অভিযোগ। এই ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে এই সামগ্রী সেখানে পৌঁছল, তা নিয়ে কৌতূহল ও উদ্বেগ দুই-ই বাড়ছে।খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ এবং পারুলিয়া উপকূল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার হওয়া সামগ্রী নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনিক সূত্রের খবর, সমস্ত সামগ্রীর উৎস এবং সেগুলি কীভাবে ওই বাড়িতে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।স্থানীয়দের দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই অভিযুক্ত প্রধান এলাকায় নেই। ফলে তাঁর বক্তব্য এখনও পাওয়া যায়নি। অন্যদিকে, গ্রামবাসীদের একাংশের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে বণ্টন না করে মজুত রাখা হয়েছিল।ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বিজেপি। দলের স্থানীয় নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের প্রাপ্য ত্রাণসামগ্রী আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি পুলিশের পোশাক উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে তারা। তাঁদের অভিযোগ, এই পোশাক ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার বা ভয় দেখানোর মতো কাজ করা হয়ে থাকতে পারে। যদিও এই অভিযোগের পক্ষে কোনও সরকারি প্রমাণ এখনও সামনে আসেনি।এদিকে, এই ঘটনার বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তদন্তে কী তথ্য উঠে আসে এবং প্রশাসন কী পদক্ষেপ করে, তার উপরই নির্ভর করবে এই বিতর্কের ভবিষ্যৎ।

জুন ০৭, ২০২৬
রাজ্য

কাল ফের ভোট ১৫ বুথে, ডায়মন্ড হারবার-মগরাহাটে বড় সিদ্ধান্ত—কোন কেন্দ্রে কী ঘটেছিল জানেন?

শনিবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোটের পুনর্নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। জানা গিয়েছে, মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন হবে। এই সব বুথই ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এছাড়াও ফলতার একটি বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা থাকলেও তা এখনও চূড়ান্ত হয়নি। আপাতত ১৫টি বুথে ভোট হওয়া নিশ্চিত।পুনর্নির্বাচনের পিছনে একাধিক অভিযোগ সামনে এসেছে। এর মধ্যে রয়েছে ভোটারদের ভয় দেখানো এবং বুথে টেপ লাগানোর মতো অভিযোগ। কমিশন সূত্রে জানা গিয়েছে, যেসব বুথে টেপ লাগানোর অভিযোগ উঠেছে, সেখানে কিছু ক্ষেত্রে ওয়েব কাস্টিংয়ের ফুটেজ পাওয়া যায়নি। এই কারণেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অন্যদিকে এবারের নির্বাচনে ভোটদানের হার নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ২০২১ সালের তুলনায় প্রায় ৩৪ লক্ষ বেশি ভোটার এবারে ইভিএমে ভোট দিয়েছেন। আগে যেখানে প্রায় ৫ কোটি ৯৮ লক্ষ মানুষ ভোট দিয়েছিলেন, এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৬ কোটি ৩১ লক্ষ। বিশেষ সংশোধনের ফলে বহু নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার পরেও ভোটের সংখ্যা বেড়েছে।ফলে প্রশ্ন উঠছে, এই অতিরিক্ত ৩৪ লক্ষ ভোট কোথায় গেল। প্রায় ৯৩ শতাংশ রেকর্ড ভোটদানের পিছনে শুধু ভুয়ো ভোটার বাদ পড়াই নয়, প্রকৃত ভোটারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

মে ০১, ২০২৬
রাজ্য

‘সিংহম’ অবতারে আইপিএস! রাতভর টহলে কড়া বার্তা, দুষ্কৃতীদের নিশানা অজয় পাল শর্মা

ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও ফলতা এলাকায় নজর কেড়েছেন উত্তর প্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। কঠোর স্বভাবের জন্য পরিচিত এই আধিকারিক এখন একের পর এক এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তাঁর লক্ষ্য, কোনওভাবেই যেন ভোটারদের ভয় দেখাতে না পারে দুষ্কৃতীরা।কয়েক দিন আগে একটি ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায় কিছু বাইক বাহিনী ঘুরে বেড়িয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে। সেই অভিযোগ সামনে আসতেই দ্রুত পদক্ষেপ করে নির্বাচন কর্তৃপক্ষ। এরপরই অজয় পাল শর্মাকে সেখানে দায়িত্ব দেওয়া হয় এবং তিনি সঙ্গে সঙ্গেই মাঠে নেমে পড়েন।মঙ্গলবার দিনভর এবং রাতেও তাঁকে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহল দিতে দেখা যায়। তাঁর সঙ্গে ছিল সাঁজোয়া গাড়ি, প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং আধিকারিকরা। সরিষা, ডায়মন্ড হারবার ও ফলতা জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। চারদিকে টহল ও কড়া নজরদারির ছবি সামনে এসেছে।এরই মধ্যে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান-এর বাড়ির সামনে গিয়ে অজয় পাল শর্মার সতর্কবার্তা দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, মানুষকে যেভাবে ধমকানো হচ্ছে, তার ফল ভালো নাও হতে পারে।এই মন্তব্যের জবাবে জাহাঙ্গীর খান জানান, তিনি কোনওভাবেই ভয় পাবেন না। তাঁর দাবি, বাইরের চাপ বা ভয় দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না। এলাকায় তাঁর সমর্থকেরাও ক্ষুব্ধ হয়ে উঠছেন বলে তিনি জানান।সব মিলিয়ে ভোটের আগে এলাকায় উত্তেজনা বাড়লেও অজয় পাল শর্মা যে কড়া অবস্থান নিয়েই কাজ করছেন, তা স্পষ্ট হয়ে উঠছে। নিরাপত্তা জোরদার করতে তিনি এক মুহূর্তের জন্যও ঢিল দিচ্ছেন না বলে প্রশাসন সূত্রে খবর।

এপ্রিল ২৮, ২০২৬
রাজ্য

বাসন্তীর পর মগরাহাট থেকে উদ্ধার অস্ত্রের ভান্ডার, গ্রেফতার দাগী দুষ্কৃতী

দেশি পিস্তল, বন্দুক, কার্তুজ উদ্ধার করেছে মগরাহাট থানার পুলিশ। জানা গিয়েছে, ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত মগরাহাট থানায় গোপন সূত্র মারফত খবর আসে এক ব্যক্তির কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে। মগরাহাটা থানার একটি দল মগরাহাটের রঙ্গন বেড়িয়া গ্রামে গিয়ে এক ব্যক্তিকে আটক করে। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি ওয়ান শাটার দেশি আগ্নেয়াস্ত্র ও একটি পাইপ গান সহ ৪১ রাউন্ড গুলি উদ্ধার করে। কোথা থেকে এত অস্ত্র সেখানে এল, কী কারণে এক জায়গায় এত অস্ত্র, পুরো বিষয়ট তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দাগী দুষ্কৃতী আবদুল্লা লস্কর তথা বাবলুকে ট্রাক কর হচ্ছিল। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাই অবদুল্লার বাড়িতে অস্ত্র মজুত আছে। ওসি ও তাঁর টিম এই অস্ত্র সীজ করেছে। আলিপুর জেলে ৬ বছর জেলবন্দি ছিল আবদুল্লা। বিস্তারিত তদন্ত চলছে। অস্ত্রের কারবার বলেই পুলিশ মনে করছে।

জানুয়ারি ৩০, ২০২৫
সম্পাদকীয়

মেগা কোভিড-১৯ টেস্টিং ড্রাইভ' হোক রাজ্য জুড়ে, কেন বঞ্চিত বাকি অঞ্চল

বাংলায় করোনার পজিটিভিটি রেট ৩০ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে। যা অত্যন্ত উদ্বেগের বিষয়। পাশাপাশি করোনা-আক্রান্তের মৃতের সংখ্যাও ক্রমশ বেড়ে চলেছে। গত কয়েক দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা গড়ে ২০ হাজারের বেশি। কিন্তু এখনও সাধারণ মানুষের একটা বড় অংশ সচেতন নয়। উৎসব, মেলা অনেক হল, এবার সরকারি উদ্যোগেও ঘাটতি থাকা উচিত নয়। ডায়মন্ডহারবারে এক দিনে ৫০ হাজার কোভিট টেষ্ট করা হয়েছে, সেক্ষেত্রে রাজ্যের অন্য সংসদীয় এলাকায়ও এমন উদ্যোগ নেওয়া হোক। একটি লোকসভা কেন্দ্রে সরকার পরীক্ষার ব্যবস্থা করবে বাকি কেন্দ্রে তা হবে না তা কোনও গণতান্ত্রিক দেশে হওয়া বাঞ্ছিত নয়। এক্ষেত্রে একই রাজ্যে তো নয়ই।করোনা আমাদের সামাজিক পরিকাঠামোর সর্বনাশ করেছে। শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে, ছোট-বড় বেসরকারি সংস্থার কর্মী, খেটে খাওয়া মানুষরা আজ বড় অসহায়। তবু করোনা বিধিকে তোয়াক্কা করছেন না একটা অংশ। কেন তাঁদের এই অনীহা এটা আজ প্রশ্ন। তৃতীয় ঢেউ আছড়ে পড়লেও অল্প দিনে সেরে ওঠায় অনেকে হালকা ভাবে নিচ্ছেন। কিন্তু পজিটিভিটি রেট ও মৃত্যুর সংখ্যা চিন্তায় রেখেছে চিকিৎসক মহলকে। অতএব করোনা নিয়ে সচেতন না হলে আগামি দিনে কী বড় বিপদ অপেক্ষা করছে তা কারও জানা নেই।বিশেষজ্ঞরা নানা আশার বানী শোনাচ্ছেন। চিকিৎসা বিজ্ঞানীদের একটা অংশের দাবি, ভ্যাকসিনের কাজ করবে ওমিক্রণ। তাহলে তো অতি উত্তম। কিন্তু যে ভাইরাসটা সম্পর্কে কোনও গবেষণা সম্পূর্ণ নেই, তা সম্পর্কে সাবধানতা অবলম্বন করা শ্রেষ্ঠ উপায় বলেই মনে করা হচ্ছে। কলকাতা পুরনিগমের নির্বাচন ও শীতের উৎসবের পর তৃতীয় ঢেউ শুরু হয়ে যায়। মুখে মাস্ক ও ভিড় এড়ানোই করোনা মোকাবিলার সেরা অস্ত্র বলে আসছেন, তা কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না সেটাই মূল প্রশ্ন। সরকারের সঙ্গে সাধারণ মানুষকে করোনা মোকাবিলায় শরিক হতে হবে। আজ মনে হতে পারে আমার কিছু হবে না, ঘুরিয়ে সেই বিপদ কখন নিজের বাড়িতে হাজির হয়ে যাবে তার কোনও গ্যারান্টি নেই।এদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহাবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যে পজিটিভিটি রেট ৩ শতাংশের নীচে কমিয়ে আনতে হবে। ডায়মন্ডহারবার সংসদীয় কেন্দ্রে একদিনে ৫০ হাজার মানুষের করোনা টেষ্ট করা হয়েছে। খুব ভালো উদ্য়োগ। কিন্তু কেন রাজ্যের বাকি ৪১টি কেন্দ্রে এই উদ্যোগ নেওয়া হল না সেটা বড় প্রশ্ন। ওই ৫০ হাজার মানুষের করোনা টেষ্ট তো সরকারি অর্থেই হয়েছে। এমন নয় তো বেসরকারি সংস্থা সমাজেসেবা করেছে। তাহলে একই রাজ্যের অন্য সংসদীয় কেন্দ্রেও এমন উদ্যোগ নেওয়া উচিত। প্রথমত এক রাজ্যে ভিন্ন নীতি হবে কেন? অন্য় সংসদীয় কেন্দ্রের নাগরিকরা কেন বঞ্চিত হবে? সংসদীয় কেন্দ্র ভিত্তিক না হোক জেলা ভিত্তিক, মহকুমা বা ব্লক ভিত্তিক করোনা পরীক্ষার করার ব্যবস্থাও করতে পারে সরকার।

জানুয়ারি ১৬, ২০২২
কলকাতা

Gariahat Double Murder: সুবীর চাকি খুনে ডায়মন্ড হারবার থেকে আটক দুই

গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে জোড়া খুনের ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে লালবাজার ও ডায়মন্ড হারবার থানায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিশ। আজ সেই জোড়া খুনের তদন্তে এক মহিলা ও তাঁর ছেলেকে আটক করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। কিছু তথ্যের ভিত্তিতে আজ ওই মা ও ছেলেকে আটক করা হয়েছে। ডায়মন্ড হারবার থেকে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।আজই তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। খুনের সঙ্গে তাঁদের প্রত্যক্ষ যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।আরও পড়ুনঃ বাংলাদেশের ঘটনায় মুখ্যমন্ত্রীর নীরবতায় অসন্তুষ্ট বিজেপিপুলিশ সূত্রে খবর, ডায়মন্ড হারবারে থাকেন কলকাতায় পরিচারিকা ও আয়ার কাজ করা মিঠু হালদার নামে এক মহিলা। সুবীর যখন কর্মসূত্রে কলকাতার বাইরে থাকতেন, তখন তাঁর মায়ের দেখভাল করতেন মিঠু। প্রাথমিক তদন্তে গোয়েন্দারা মনে করছেন, সুবীর এবং রবীন খুনের ঘটনায় মিঠুর যোগ আছে। শুধু তাই নয়, মিঠু-সহ তাঁর ছেলে এবং ছেলের তিন বন্ধুর ভূমিকাকেও আতশকাচের তলায় রাখছেন গোয়েন্দারা। গোয়েন্দাদের অনুমান, কাঁকুলিয়া রোডের ওই বাড়ি বিক্রির প্রক্রিয়ায় যুক্ত ছিলেন মিঠুর ছেলেও। তিনিও বিভিন্ন জায়গা থেকে ক্রেতা নিয়ে আসতেন। গোয়েন্দাদের ধারণা, সম্ভবত বাড়ি বিক্রি সংক্রান্ত কোনও চুক্তি নিয়ে মিঠুর ছেলের সঙ্গে সুবীরের বিবাদ হয়। সেই কারণেই খুন কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।রবিবার গড়িয়াহাট থানা এলাকার ৭৮ এ কাঁকুলিয়া রোডের একটি তিনতলা বাড়ি থেকে সুবীর চাকি ও তাঁর গাড়ির চালক রবীন মণ্ডলের রক্তাক্ত, ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে প্রথম দিকে ধোঁয়াশা থাকলেও ধীরে ধীরে এবার বোধহয় কিছু সূত্র হাতে আসছে তদন্তকারীদের। মঙ্গলবার সকালে লালবাজারের ডগ স্কোয়াড ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছতেই পুলিশ কুকুর বাড়িটিতে ঘোরাফেরার পরই সোজা চলে যায় বালিগঞ্জ রেল স্টেশনে। সেখানকার এক ও দুনম্বর প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করে ডগ স্কোয়াডের ওই দক্ষ সদস্য। এরপরই ফের আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে চলে যায় সে। তদন্তকারীরা অনুমান করছেন, আততায়ীরা এই দুজনকে খুন করার পর ট্রেনে চেপেই গা ঢাকা দিয়েছে।

অক্টোবর ২০, ২০২১
দেশ

দিল্লিতে অভিষেকের বাড়িতে হামলা চালাল একদল দুষ্কৃতী

ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রচারসভায় যাওয়ার পথে হামলার মুখে পড়েছিল বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়। এবার সেই আক্রমণের পালটা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাড়িতে হামলা চালাল একদল দুষ্কৃতী। হামলা চলে বঙ্গভবনেও। বৃহস্পতিবার রাতের দিকে এখানেই চলল দুষ্কৃতী হামলা। বাড়ির দেওয়াল এবং অভিষেকের নামের ফলকে কালি লেপে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ছোঁড়া হয় ইটও। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। আরও পড়ুন ঃ রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস হারিয়ে জয় ছিনিয়ে নিল বিজেপি অন্যদিকে, চাণক্যপুরীর বঙ্গভবনেও রাতে হামলা হয়েছে বলে অভিযোগ। রাত সাড়ে দশটা নাগাদ একদল যুবক সেখানে পৌঁছে কালি ছড়াতে থাকে বলে অভিযোগ। দিল্লির ১৮৩, সাউথ অ্যাভিনিউতে বাড়ি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি গেলে তিনি সাংসদ কোটার ওই বাড়িতেই থাকেন। রাজধানীতে কোনও কাজে গেলে এই বাড়িতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে দুটি ঘটনার কোনওটিতেই থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই খবর।

ডিসেম্বর ১১, ২০২০
রাজ্য

নাড্ডা ডায়মন্ড হারবারে গাড্ডায় পড়েছেঃ অভিষেক

আজ বিজেপির জেপি নাড্ডা ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে। তা আমি কী করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। বৃহস্পতিবার নাড্ডার কনভয় লক্ষ্য করে হামলার অভিযোগ নিয়ে এই প্রতিক্রিয়া দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন মানুষের ক্ষোভ, তার ব্যাখ্যাও দেন অভিষেক। বলেন,লকডাউনের সময় মানুষের খোঁজ নেননি। জিএসটি, নোটবন্দি করে মানুষের জীবনে অন্ধকার এনেছেন আপনারা। আরও পড়ুন ঃ উত্তরকন্যার দেওয়ালে এবার পড়ল রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোষ্টার একদিনও খোঁজ নেননি। লকডাউনের সময় কোন নেতাকে খোঁজ নিতে দেখেছেন আপনারা? কবার লকডাউনে মানুষের পাশে দেখতে পেয়েছেন? একমাত্র যদি কেউ দাঁড়িয়ে থাকে, কালীঘাটে টালির ছাদেরতলায় সেই মহিলা। তিনি আরও বলেন,মানুষকে হিসাব দিতে হবে না। আসল বন্ধু কে, তা মানুষ ভালো করে জানে। সিপিএম-বিজেপি কংগ্রেস এক। যত কম বলা যায় তত ভালো।

ডিসেম্বর ১০, ২০২০
রাজ্য

স্রেফ মা দুর্গার কৃপায় সভায় পৌঁছতে পেরেছি , নাড্ডা

এ রাজ্যে জঙ্গলরাজ চলছে, আইনের শাসন বলে কিছু নেই। শুধু কাটমানি আর কাটমানি। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে গিয়ে এমনই কথা বললেন বিজেপির সর্ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, মোদিজি অর্থ দিচ্ছেন আর কাটমানিতেই সব শেষ হয়ে যাচ্ছে। ডায়মন্ড হারবারে কার্যকর্তাদের বৈঠকে আসার পথে আমার কনভয় হামলা হয়েছে। মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়র উপরও আক্রমণ হয়েছে। দেখুন, তাঁরা জখম। এই আক্রমণের তীব্র ধিক্কার জানাচ্ছি। পুলিশ প্রশাসনেরও রাজনীতিকরণ হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে। এরপর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নাম নিয়ে নাড্ডার হুঙ্কার, মমতাজির দিন শেষ। বর্বর সরকার উৎখাত হবেই। এখানে পদ্ম ফুটবে। মমতাজি, আপনি বিশ্রাম নিন। এবার বিজেপিকে বাংলার উন্নয়নে কাজ করতে দিন। তিনি আরও বলেন, আমরা আসার সময় যে দৃশ্য দেখলাম তাতে বোঝা যাচ্ছে, মমতাজির আমলে বাংলায় অরাজকতা ও অসহিষ্ণুতার শিখরে পৌঁছে গিয়েছে। আমার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী না থাকলে কী অবস্থা হত কে জানে। এখানকার বিজেপি কর্মীদের কী অবস্থা তাও আন্দাজ করতে পারছি। মা দুর্গার কৃপায় ডায়মন্ড হারবারে পৌঁছেছি। তৃণমূলের ক্যাডাররা আটকানোর কোনও চেষ্টা বাদ দেয়নি। কিন্তু এই গুন্ডারাজের পতন অনিবার্য। আরও পড়ুন ঃ নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এরপরই তিনি সরাসরি মমতাকে তোপ দেগে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কী ভাষায় কথা বলছেন! তুইতোকারি করে বিরোধীদের আক্রমণ করছেন, এটা কি বাংলার সংস্কৃতি! মমতার পরই নাম না করে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন নাড্ডা। এই ডায়মন্ডহারবারের সাংসদকে পার্লামেন্টে দেখাই যায় না, বলে কটাক্ষ করেন তিনি। এছাড়াও সর্বভারতীয় সভাপতি বলেন, কৃষকদের পাওনা ৬ হাজার টাকা মমতাজি আটকে দিয়েছেন। বলেছেন, কৃষকদের নয় আমাকে দিয়ে দাও, কৃষকদের নয় আমাকে দাও। এদিকে, ডায়মন্ড হারবারের পথে কনভয়ে হামলার কথা নিজেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যের কাছে এ বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে।

ডিসেম্বর ১০, ২০২০
কলকাতা

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ দিলীপ ঘোষের আইনজীবীর

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আইনজীবী। তাঁর পক্ষের আইনজীবী পার্থ ঘোষ সোমবার আইনি নোটিশ পাঠিয়ে তৃ্ণমূল সাংসদকে মন্তব্য প্রত্যাহার করতে বলেছেন। আগামী তিনদিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন। অন্যথায় অন্য পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পার্থ ঘোষ আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে তাঁর মক্কেলের সম্মানহানি করা হয়েছে। আরও পড়ুনঃ আলুর দাম বাড়িয়ে মানুষের পকেট কেটে নির্বাচনী টাকা তুলছে তারাঃ দিলীপ প্রসঙ্গত, রবিবার সাতগাছিয়ার সভা থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দিলীপ ঘোষ গুন্ডা, মাফিয়া। চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন ক্ষমতা থাকলে আইনি পদক্ষেপ নেওয়ার। এরপর সোমবার দিলীপ ঘোষ হুঁশিয়ারি দেন, আমি সাধারণ মানুষের জন্য আমি কাজ করছি। এটা যদি গুন্ডামো হয়, তাহলে তা আরও করব।

নভেম্বর ৩০, ২০২০
রাজনীতি

লিফটে উঠলে ৩৫ টা পদের অধিকারী হতামঃ অভিষেক

কর্মী হোক বা নেতা, তৃণমূল কংগ্রেসে কেউ প্যারাশুটে নামেনি। লিফটে ওঠেনি। রবিবার সাতগাছিয়ার জনসভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশে এভাবেই আক্রমণ শানালেন ডায়মন্ড হারবারের তৃ্ণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, আপনারা যাঁরা এসেছেন কজন প্যারাশুটে নেমেছেন। কজন লিফটে উঠেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম তৃণমূল কংগ্রেস। এটা মাথায় রাখতে হবে। দল সকলের কাছে মায়ের মতো। তৃণমূল কংগ্রেস সকলের মা। মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করলে ছেড়ে কথা বলবেন? নিজে উচ্চাকাঙক্ষী হয়ে অন্য দলের হয়ে তাবেদারি তল্পিবাহক হলে ছেড়ে কথা বলবেন? মায়ের সাথে বিশ্বাসঘাতকতা সহ্য করা যায় না। একটা বাংলা ছবির সংলাপ আছে, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে পাওয়া যায় না। বিশ্বাসঘাতকতা করলে কড়ায়-গণ্ডায় জবাব দেওয়া হবে। যতই নাড়ো কলকাটি নবান্নে আবার হাওয়াই চটি। পদ নয় পতাকা, নেত্রীর নাম মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। একে ওকে দিয়ে মন্তব্য করিয়ে লাভ হবে না। ৩৪ বছরের তমশাচ্ছন্ন পশ্চিমবঙ্গের সূর্য মমতা। লড়াই করতে আসলে ঝলসে যাবেন। আরও পড়ুন ঃ রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ডাকতে পারেন মুখ্যমন্ত্রীকে, দাবি সৌমিত্র খাঁয়ের তৃণমূল কংগ্রেসে রাতারাতি কেউ নেতা হয়নি। কর্মী হোক বা নেতা- কেউ প্যারাশুটে নামেননি। লিফটেও ওঠেননি। লিফটে উঠলে একটা বিধানসভার সদস্য হয়ে থাকতেন না। কেউ কেউ অনেক কিছু বলে। গণতান্ত্রিক দেশে বলতেই পারেন। আমি প্যারাশুটে নামলে ৩৫টা পদের অধিকারী হতাম। প্যারাশুটে নামলে দক্ষিণ কলকাতায় লড়তাম, যেখানে আমি থাকি। ২০১৪ সালে প্রার্থী হয়েছি ডায়মন্ড হারবারের। ডায়মন্ড হারবারের সাংসদ ছিলেন প্রয়াত সৌমেন মিত্র। তাঁর জমানায় কোনও কাজ হয়নি বলে অভিযোগ করেন তিনি। অভিষেক এই প্রসঙ্গে বলেন, প্রার্থী হওয়ার পর মানুষের বাড়ি বাড়ি গিয়েছি। কেউ বলছে জল নেই, বিদ্যুৎ নেই। তবুও ময়দান ছেড়ে যাইনি। আপনাদের ভালবাসায় ৭১ হাজার ভোটে জিতেছিলাম। সবচেয়ে কম ভোটের মার্জিন ছিল এই জেলায়। জেতার পর বুথে বুথে পৌঁছনোর চেষ্টা করেছি। সেই ডায়মন্ডবারবার গতবার ৭ লক্ষ ৯১ হাজার ভোট পেয়েছি। ৩ লক্ষ ২২ হাজার ভোটে জিতেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে বলেন, বিজেপির ছোট- বড় নেতারা একটাই কথা বলে ভাইপো। বুকে পাটা থাকলে আমার নাম নিয়ে দেখান। ভাববাচ্যে কথা বলে লাভ নেই। নাম নিয়ে বলার সাহস নেই। কারণ, মুকুল রায় বলেছিল, আমি নাকি বিশ্ববাংলা কোম্পানির মালিক। তারপর তাকে আদালতে ল্যাজেগোবরে হতে হয়েছিল। যে যখন আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তাঁকেই হাই কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গিয়েছি। সবসময় আইনানুগ ব্যবস্থা নিয়েছি। তাই তারা আমার নাম নেওয়ার সাহস পায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও নেই। এরপরেই তিনি বলেন, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। দিলীপ ঘোষ গুন্ডা মাফিয়া। সুনীল দেওধর বহিরাগত। কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। আমার দিদি কী করেছে আর তোমার মোদি কী করেছে, হোক প্রতিযোগিতা। তিনি আরও বলেন, আমফানে মানুষের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার আমফানের জন্য ইতিমধ্যেই সাত হাজার কোটি টাকা খরচ করেছে। দলে থেকে অনেকেই খারাপ কাজ করছেন বলেও দাবি করেন যুব তৃণমূলে সভাপতি। ডায়মন্ড হারবারে আর দলবিরোধী কাজ সমর্থন করা হবে না বলে তৃণমূল নেতা-কর্মীদের হুঁশিয়ার করেছেন অভিষেক।

নভেম্বর ২৯, ২০২০

ট্রেন্ডিং

কলকাতা

অভিষেকের সঙ্গে বচসা হয়েছিল ওসি-র! সেই পুলিশকর্তার সঙ্গে দেখা করতে কালীঘাট থানায় শুভেন্দু, কী বললেন মুখ্যমন্ত্রী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে কালীঘাটে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সাংসদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন কালীঘাট থানার ওসি বলাই বাগ। সেই ঘটনার কয়েক দিন পরেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুনের কালীপুজোয় হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো শেষে সোজা চলে গেলেন কালীঘাট থানায়। সেখানে ওসি বলাই বাগের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। সূত্রের খবর, পুলিশকর্তাকে আশ্বস্ত করে এসেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, ভয় না পেয়ে সাহসের সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে হবে।মঙ্গলবার সন্ধ্যায় ভবানীপুরে বাবুনের ক্লাবের কালীপুজোয় উপস্থিত হয়েছিলেন শুভেন্দু। কয়েক দিন আগেই ওই এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। রাতভর সরগরম ছিল কালীঘাটের এলাকা। সেই সময় অভিষেকের সঙ্গে কালীঘাট থানার পুলিশ আধিকারিকদের বচসা হয়। বচসায় সামনের সারিতে ছিলেন ওসি বলাই বাগ।মঙ্গলবার কালীপুজো থেকে বেরিয়ে সোজা কালীঘাট থানায় যান শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। থানায় যাওয়ার কারণ জানতে চাইলে মুখ্যমন্ত্রী জানান, চায়ের আমন্ত্রণ পেয়েই সেখানে গিয়েছেন তিনি। থানার ভিতরে বেশ কিছুক্ষণ সময় কাটান শুভেন্দু। কথা বলেন ওসি বলাই বাগের সঙ্গে।সূত্রের খবর, ওই পুলিশ আধিকারিককে সাহস জুগিয়েছেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব পালনের সময় কোনও রকম ভয় না পেয়ে দৃঢ় থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ভয় পাবেন না, আমি সঙ্গে আছি বলেও আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। চোখে চোখ রেখে নিজের কাজ করার বার্তাও দিয়েছেন শুভেন্দু।উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে তাঁর বাড়ির সামনে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাংসদ এবং তাঁর অনুগামীরা বলে জানা গিয়েছে। সেই সময় কালীঘাট থানার ওসি বলাই বাগের সঙ্গে অভিষেকের তীব্র কথা কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছিল। তার পরেই মঙ্গলবার কালীঘাট থানায় গিয়ে সেই ওসি-র সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
দেশ

মাটি থেকে ৯০ মিটার উঁচুতে বিদ্যুতের তারে ঝুলে রুশ প্যারাগ্লাইডার! তিন ঘণ্টার অভিযানে কী ভাবে হল উদ্ধার?

হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিং করতে গিয়ে ভয়াবহ বিপত্তি। মাঝআকাশে উড়তে উড়তে হাই-টেনশন বিদ্যুতের তারে আটকে গেলেন এক রুশ পাইলট। মাটি থেকে প্রায় ৯০ মিটার উঁচুতে বিপজ্জনক অবস্থায় ঝুলে রইল তাঁর প্যারাগ্লাইডার। পরিস্থিতি বুঝে মোবাইল ফোনে ছবি তুলে সাহায্য চাইলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ওই রুশ পাইলটকে।সোমবার বিকেলে হিমাচল প্রদেশের কাংড়া জেলার বীর বিলিং এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকার জনপ্রিয় প্যারাগ্লাইডিং কেন্দ্র থেকে উড়েছিলেন অ্যালেক্সি নামে ওই রুশ পাইলট। আকাশে ওড়ার সময় কোনও ভাবে হাই-টেনশন বিদ্যুতের তারের কাছাকাছি চলে যান তিনি। এরপরই তাঁর প্যারাগ্লাইডার আটকে যায় বিদ্যুতের তারে। মুহূর্তের মধ্যে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। মাটি থেকে প্রায় ৯০ মিটার উঁচুতে ঝুলতে থাকেন তিনি।বিপদের মধ্যে পড়েও মাথা ঠান্ডা রাখেন অ্যালেক্সি। নিজের মোবাইল ফোন দিয়ে ছবি তুলে পাঠান বীর বিলিং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের কাছে। সেই ছবির মাধ্যমে নিজের অবস্থানের কথাও জানান তিনি। পরে বিষয়টি মান্ডি জেলা প্রশাসনের নজরে আসে। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।তবে হাই-টেনশন বিদ্যুতের তারে আটকে থাকায় উদ্ধারকাজ ছিল অত্যন্ত কঠিন। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তাই সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মাটিতে নিরাপত্তার জন্য জাল ও গদি বিছিয়ে রাখা হয়। বিশেষ যন্ত্রপাতির সাহায্যে পাইলটের কাছে পৌঁছনোর চেষ্টা করেন উদ্ধারকারীরা। দীর্ঘ চেষ্টার পর তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়।এই উদ্ধার অভিযানে একাধিক সংস্থা একসঙ্গে কাজ করে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ, গাওয়ার কনস্ট্রাকশন সংস্থা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যৌথ ভাবে অভিযান চালান। তাঁদের সমন্বিত প্রচেষ্টাতেই প্রায় তিন ঘণ্টা পর বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা পান রুশ পাইলট।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

একে একে বিকল হচ্ছে অঙ্গ, গুরুতর সঙ্কটজনক অবস্থায় রাজ্যের মন্ত্রী

বাইপাস অস্ত্রোপচারের পর স্ট্রোক। তার পর থেকে একের পর এক শারীরিক জটিলতা। নিউমোনিয়া, মূত্রনালিতে সংক্রমণ, সেপটিক শক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শরীরের একাধিক অঙ্গের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন নদিয়ার প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ায় চলছে ডায়ালিসিসও। কলকাতার মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন ৭২ বছরের এই প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। মঙ্গলবার হাসপাতালের চিকিৎসকদের দেওয়া মেডিক্যাল রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও অত্যন্ত কম।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর অন্য একটি হাসপাতালে উজ্জ্বল বিশ্বাসের বাইপাস অস্ত্রোপচার হয়েছিল। হৃদ্যন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লক থাকায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অস্ত্রোপচারের পরেই জটিলতা দেখা দেয়। হৃদ্যন্ত্র থেকে তৈরি হওয়া রক্তের জমাট মস্তিষ্কে পৌঁছে যাওয়ায় স্ট্রোক হয় তাঁর। এর পর থেকেই ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।গত ১৮ অক্টোবর নিউমোনিয়া এবং মূত্রনালিতে সংক্রমণ নিয়ে তাঁকে মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ে। তৈরি হয় সেপটিক শকের পরিস্থিতি। শরীরের একাধিক অঙ্গের কার্যক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কিডনির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। সেই কারণে বর্তমানে নিয়মিত ডায়ালিসিস করতে হচ্ছে তাঁকে।চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, এখন যন্ত্রের সাহায্যে শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে উজ্জ্বল বিশ্বাসের। শ্বাস নিতে সুবিধা হওয়ার জন্য গলায় অস্ত্রোপচার করে বিশেষ নল বসানো হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিকে ট্র্যাকিওস্টমি বলা হয়। পাশাপাশি চলছে হেমোডায়ালিসিস। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি দল তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে। সারাক্ষণ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে। তবে চিকিৎসকদের বক্তব্য, তাঁর শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সংকটজনক। সামগ্রিকভাবে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম।জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন উজ্জ্বল বিশ্বাস। বাইপাস অস্ত্রোপচারের পর প্রায় ১৪ দিন হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে। পরে বাড়ি ফিরে চিকিৎসকদের পরামর্শ মেনে চিকিৎসা চলছিল। কিন্তু দুর্গাপুজোর পঞ্চমীর দিন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। সপ্তমীর দিন তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষায় ধরা পড়ে নিউমোনিয়া। এরপর ধীরে ধীরে ফুসফুসের কার্যক্ষমতা কমতে শুরু করে। শরীরের অন্যান্য অঙ্গেও সমস্যা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গলায় অস্ত্রোপচার করে শ্বাসপ্রশ্বাসের বিশেষ ব্যবস্থা করেন চিকিৎসকেরা।প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সমাজমাধ্যমে একটি পোস্ট করে উজ্জ্বল বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পাশাপাশি তাঁর অসুস্থতার পিছনে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলির প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেন কুণাল। তাঁর দাবি, ভোটের ফল প্রকাশের পর উজ্জ্বল বিশ্বাসকে অপমান করা হয়েছিল। সেই ঘটনার মানসিক ও শারীরিক ধাক্কা তিনি সামলাতে পারেননি। যাঁরা তাঁকে নিগ্রহ করেছিলেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তৃণমূল বিধায়ক।এদিকে মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে উজ্জ্বল বিশ্বাসকে দেখতে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, মিথ্যা মামলায় উজ্জ্বল বিশ্বাসকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। এই বয়সেও তাঁকে একা সেলে থাকতে হয়েছিল বলে দাবি করেন মহুয়া। প্রাক্তন মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে কৃষ্ণনগর, নদিয়া-সহ বাংলার সর্বস্তরের মানুষের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন তিনি। রাজনৈতিক মতপার্থক্য ভুলে সকলকে উজ্জ্বল বিশ্বাসের আরোগ্য কামনা করার অনুরোধ করেছেন তৃণমূল সাংসদ।

নভেম্বর ১০, ২০২৬
বিনোদুনিয়া

জীতুকে বাঁচাতে নিজের চুল কেটে ফেললেন সৃজলা! বিগ বসের বাড়িতে প্রেমের কী অদ্ভুত পরীক্ষা!

খেলার জন্য প্রেম, নাকি প্রেমের জন্য খেলা? বিগ বসের বাড়িতে এই প্রশ্নই যেন বার বার উঠে আসছে। তবে সৃজলা গুহর কাছে জীতু কামালের গুরুত্ব যে কতটা, তা বুঝিয়ে দিলেন অভিনেত্রী নিজেই। জীতুকে নমিনেশন থেকে বাঁচাতে নিজের সাধের লম্বা চুল কেটে ফেললেন তিনি। বিগ বসের দেওয়া শর্ত শুনে এক মুহূর্তও দেরি করেননি সৃজলা। সোমবারের পর্বে তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়ে যান বাড়ির অন্য প্রতিযোগীরাও।সোমবার বিগ বসের বাড়িতে নমিনেশনের জন্য এক অভিনব খেলার আয়োজন করা হয়। বাড়ির বাগানে তৈরি করা হয়েছিল পুরনো দিনের টেলিফোন বুথের মতো একটি ঘর। সেখান থেকে একে একে প্রতিযোগীদের ফোন করেন বিগ বস। ফোনের পর্দায় ভেসে ওঠে প্রতিযোগীদের নাম। যাঁর নাম দেখা যায়, তিনি ফোন ধরলেই বিগ বস জানিয়ে দেন, তিনি এই সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নমিনেটেড।তবে নমিনেশন থেকে বাঁচারও সুযোগ ছিল। তার জন্য অন্য কোনও প্রতিযোগীকে নিজের স্বার্থ ত্যাগ করে বিগ বসের দেওয়া শর্ত পূরণ করতে হত। অর্থাৎ, একজনকে বাঁচাতে অন্যজন কতটা ত্যাগ স্বীকার করতে পারেন, সেটাই ছিল এই খেলার আসল পরীক্ষা।জীতু কামালের নাম আসতেই বিগ বস তাঁকে জানান, নমিনেশন থেকে বাঁচাতে হলে সৃজলাকে কাঁধ পর্যন্ত চুল কেটে ফেলতে হবে। এই কথা শুনে প্রথমেই আপত্তি জানান জীতু। তাঁর মতে, একজন নারীর সৌন্দর্যের অন্যতম অংশ তাঁর চুল। তাই সৃজলাকে চুল কাটার কথা বলতে চাননি তিনি। বরং নিজে নমিনেশনে থাকতে রাজি ছিলেন।কিন্তু বিগ বস জানিয়ে দেন, এটি একটি খেলা। তাই জীতুকে চেষ্টা করতেই হবে। শেষ পর্যন্ত সৃজলাকে বিষয়টি জানান জীতু। চুল কাটার কথা শুনে প্রথমে অবাক হয়ে যান অভিনেত্রী। কিন্তু পরক্ষণেই রাজি হয়ে যান তিনি। নিজের হাতে কাঁচি নিয়ে লম্বা, ঢেউখেলানো চুলের অনেকটা কেটে ফেলেন সৃজলা।সৃজলার এই সিদ্ধান্তে অবাক হয়ে যান জীতু-সহ বাড়ির অন্য প্রতিযোগীরা। নতুন ছোট চুলে অভিনেত্রীকে বেশ সুন্দর দেখাচ্ছিল। বিগ বসও তাঁর নতুন চেহারার প্রশংসা করেন। পরে জীতু নিজেই সৃজলার কাটা চুল ঠিক করে দেন। প্রেমের প্রস্তাবে এখনও সরাসরি সম্মতি না দিলেও জীতুর জন্য সৃজলার এই ত্যাগ তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু করেছে।তবে শুধু সৃজলাই নন, অন্য প্রতিযোগীরাও প্রিয় সহ-প্রতিযোগীদের বাঁচাতে কঠিন শর্ত মেনে নিয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেন এবং রনিতা দাসকে ঘিরে।রনিতাকে নমিনেশন থেকে বাঁচানোর জন্য নিরঞ্জনকে বিগ বসের দেওয়া শর্ত ছিল, বাড়ি থেকে পাওয়া তাঁর সাধের স্মৃতির খাতাটি পুড়িয়ে ফেলতে হবে। ওই খাতার সঙ্গে জড়িয়ে ছিল তাঁর অনেক পুরনো স্মৃতি। তাই এমন শর্ত শুনে ভেঙে পড়েন রনিতা। নিরঞ্জনকেও কাজটি করতে দিতে চাইছিলেন না তিনি।কিন্তু শেষ পর্যন্ত নিজের স্মৃতির খাতা পুড়িয়ে ফেলতে রাজি হন নিরঞ্জন। খাতাটি আনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন সৃজলা। নিজেকে সামলে শেষ পর্যন্ত খাতাটি আগুনে পুড়িয়ে দেন নিরঞ্জন। সেই দৃশ্য দেখে কেঁদে ফেলেন রনিতাও। বাড়ির অন্য প্রতিযোগীদের চোখেও জল চলে আসে।এর পর মনামী ঘোষকে বাঁচানোর দায়িত্ব পড়ে রনিতার উপর। তাঁকে বিগ বসের দেওয়া শর্তও ছিল বেশ কঠিন। মাছের সস, কাসুন্দি এবং কাঁচা ডিম মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে দাঁত মাজতে বলা হয় তাঁকে। অদ্ভুত এই শর্ত শুনেও পিছিয়ে যাননি রনিতা। শেষ পর্যন্ত কাজটি করে দেখান তিনি। তাঁর সাহসের প্রশংসা করেন বাড়ির অন্য প্রতিযোগীরা।তবে সবাই বিগ বসের দেওয়া শর্ত পূরণ করতে পারেননি। ফলে এই সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নমিনেটেড হয়েছেন সোনামণি সাহা, রাজবীর দে এবং তনুশ্রী রায় দাস। তাঁদের ভাগ্য এখন নির্ভর করছে দর্শকদের ভোটের উপর।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

মমতা ভাইফোঁটা দেন না, রাখিও পরান না! সেই ভাইয়ের মুখেই শুভেন্দুর প্রশংসা, অভিষেককে তোপ

দুধের ডিপোয় কাজ করে দিনে ৪৫ টাকা রোজগার করতেন। সেই টাকা দিয়েই ছোট ভাইদের মানুষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাবার মৃত্যুর পর কী ভাবে সংসার চালিয়েছিলেন, তা একাধিক বার প্রকাশ্যে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই সময় বাবুন বন্দ্যোপাধ্যায়ের বয়স ছিল মাত্র আড়াই বছর। কিন্তু রাজনীতির কারণে সময়ের সঙ্গে সঙ্গে ভাই-বোনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। মমতা এখন আর বাবুনকে ভাইফোঁটা দেন না, রাখিও পরান না। আর সেই বাবুনই এ বার প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। শুধু তাই নয়, শুভেন্দুকে নিজের নেতা, দাদা এবং অভিভাবক বলেও উল্লেখ করলেন তিনি।মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে নিজের ক্লাবের কালীপুজোয় শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাবুন। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পুজো করেন এবং আরতিতে অংশ নেন। শুভেন্দু চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন বাবুন।তিনি বলেন, গোটা এলাকার মানুষ খুব খুশি। এরকম মানুষ দেখা যায় না। এর আগেও বাবুনের আমন্ত্রণে একটি রক্তদান শিবিরে গিয়েছিলেন শুভেন্দু। এ বার তাঁর ক্লাবের কালীপুজোয় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী। বাবুনের কথায়, এটা আমার কাছে বিরাট পাওনা। ওঁর জন্য আমার সারাজীবন পড়ে আছে।শুভেন্দুকে নিজের নেতা এবং অভিভাবক বলেও উল্লেখ করেছেন বাবুন। তাঁর কথায়, শুভেন্দু আমার নেতা, আমার দাদা। আমার অভিভাবক বলে মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে বাবুন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভাইফোঁটা দেন না, রাখিও পরান না। একসময় মুকুল রায় এবং সুব্রত বক্সী তাঁর অভিভাবক ছিলেন বলেও জানান তিনি। সেই তালিকায় শুভেন্দুর নামও রয়েছে বলে দাবি বাবুনের।মঙ্গলবার সন্ধ্যা থেকেই পাড়ার গলিতে দাঁড়িয়ে শুভেন্দুর জন্য অপেক্ষা করছিলেন বাবুন। নিজের ক্লাবের পুজোয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়াই ছিল তাঁর লক্ষ্য। শুভেন্দু সেখানে পৌঁছতেই তাঁকে স্বাগত জানান বাবুন। মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করেন তিনি। গোটা ঘটনায় মমতার সঙ্গে তাঁর সম্পর্কের টানাপড়েন ফের আলোচনায় উঠে এসেছে।তবে শুধু শুভেন্দুর প্রশংসা করেই থামেননি বাবুন। এ বার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন তিনি। তৃণমূলের নেতা-নেত্রীরা বিভিন্ন সময়ে শুভেন্দুকে গদ্দার বলে আক্রমণ করেন। সেই প্রসঙ্গে বাবুনের বক্তব্য, শুভেন্দু গদ্দার নয়। গদ্দার অভিষেক।উল্লেখ্য, তৃণমূলের সঙ্গে বাবুনের দূরত্ব নতুন নয়। বছর দুয়েক আগে দলের প্রার্থী নির্বাচন নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছিলেন তিনি। দলের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এ বার শুভেন্দুর প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো এবং অভিষেককে আক্রমণ করার ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
বিনোদুনিয়া

‘সীতা কি রণক্ষেত্রে যুদ্ধ করেছিলেন?’ ‘রামায়ণ’ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মুকেশ খান্না!

মুক্তির পর থেকেই আলোচনায় পরিচালক নীতেশ তিওয়ারির ছবি রামায়ণ। ছবির ব্যবসা নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই নতুন করে বিতর্ক শুরু হয়েছে ছবির একটি দৃশ্যকে ঘিরে। সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। ছবিতে তাঁর একটি যুদ্ধের দৃশ্য নিয়েই আপত্তি তুলেছেন প্রবীণ অভিনেতা মুকেশ খান্না। শক্তিমান খ্যাত এই অভিনেতা নিজের ইউটিউব ভ্লগে ছবির নির্মাতাদের কড়া ভাষায় আক্রমণ করেছেন।মুকেশ জানিয়েছেন, ছবির প্রচার ঝলক এবং দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া দেখেই তিনি এই মন্তব্য করছেন। তাঁর মতে, ছবির ৪০০০ কোটি টাকার বাজেট এবং সেই টাকা তুলে আনার চিন্তাই নির্মাতাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে। অথচ রামায়ণের মূল কাহিনি ঠিক ভাবে তুলে ধরা হচ্ছে কি না, সে দিকে নজর দেওয়া হচ্ছে না।মুকেশের কথায়, ছবির মুক্তি এবং ব্যবসাই যেন এখন সবচেয়ে বড় বিষয়। কী ভাবে ৪০০০ কোটি টাকার খরচ তোলা যাবে, সেটাই ভাবনা। কিন্তু রামায়ণের আসল গল্প দর্শকদের সামনে ঠিক ভাবে তুলে ধরা হচ্ছে কি না, তা নিয়ে কারও মাথাব্যথা নেই। নিজেদের কল্পনা মিশিয়ে রামায়ণ বা মহাভারতের মতো মহাকাব্য বদলে দেওয়া কি ঠিক?বিশেষ করে সাই পল্লবীর যুদ্ধের দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। মুকেশের প্রশ্ন, সীতাকে কি এখনকার অ্যাকশন ছবির নায়িকা কিংবা রানি লক্ষ্মীবাঈয়ের মতো যুদ্ধে লড়তে দেখা যাবে? তাঁর দাবি, বাল্মীকি রামায়ণে সীতার যুদ্ধ করার কোনও উল্লেখ নেই। তিনি বলেন, আমি বাল্মীকি রামায়ণ পড়েছি। সেখানে কোথাও লেখা নেই যে সীতা মা যুদ্ধ করতে গিয়েছিলেন। তাঁর মধ্যে সেবার মনোভাব ছিল। তিনি যদি যোদ্ধাই হতেন, তা হলে রাবণের সঙ্গে লড়াই করলেন না কেন? রাবণই বা তাঁকে তুলে নিয়ে যেতে পারল কী ভাবে?ছবির প্রযোজক নমিত মলহোত্রের বক্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন মুকেশ। সম্প্রতি নমিত জানিয়েছিলেন, সীতার যুদ্ধের দৃশ্যটি বাল্মীকি রামায়ণ নয়, অদ্ভুত রামায়ণ থেকে অনুপ্রাণিত। এই ব্যাখ্যা শুনে ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা। তাঁর দাবি, বাল্মীকি রামায়ণই আসল রামায়ণ। অন্য ধর্মের পবিত্র গ্রন্থের কাহিনিতে কি এ ভাবে পরিবর্তন আনা সম্ভব? তা হলে রামায়ণ বা গীতার ক্ষেত্রে এমন কল্পনা যোগ করা হবে কেন? নির্মাতাদের উদ্দেশে তাঁর বার্তা, নিজেদের মতামত বাল্মীকি রামায়ণের উপর চাপিয়ে দেওয়া বন্ধ করা উচিত।নীতেশ তিওয়ারির এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতা হয়েছেন সাই পল্লবী, রাবণের চরিত্রে রয়েছেন যশ এবং লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন রবি দুবে। দীপাবলি উপলক্ষে ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। বক্স অফিসে সাফল্য পেলেও ছবির একটি দৃশ্য ঘিরে বিতর্ক থামার লক্ষণ নেই। মুকেশ খান্নার মন্তব্য প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমেও শুরু হয়েছে জোর আলোচনা।

নভেম্বর ১০, ২০২৬
বিনোদুনিয়া

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকিতে আতঙ্কিত বলিপাড়া, তারকাদের কী করতে বারণ করল পুলিশ?

টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। একের পর এক তারকাকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসায় সতর্ক হয়েছে মুম্বই পুলিশ। বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে তারা। ভিড়ের মধ্যে যাওয়া এবং প্রকাশ্যে অনুরাগীদের সঙ্গে মেলামেশা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে তারকাদের।মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, তারকাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা। সম্প্রতি কয়েক জন অভিনেতার বাড়ির বাইরে সন্দেহজনক নজরদারির খবর সামনে আসে। তার পরেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে পুলিশ।টাইগার শ্রফের উপর হামলার পর তুষার কাপুর, আয়ুষ্মান খুরানা এবং অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের কাছেও হুমকি বার্তা আসার অভিযোগ উঠেছে। আয়ুষ্মান খুরানাকে হুমকি দেওয়ার ঘটনায় তদন্তে নামে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। বেঙ্গালুরু থেকে ৩০ বছর বয়সি বৈভব মিশ্র নামে এক তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ওই যুবক তারকাদের কাছে টাকা চেয়ে হুমকি অডিয়ো বার্তা পাঠাত।উল্লেখ্য, গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বাইকে আসা তিন দুষ্কৃতী। অল্পের জন্য রক্ষা পান অভিনেতা। তবে গুলিতে গুরুতর আহত হন তাঁর গাড়ির চালক এবং এক পথচারী। পরে লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করে বলে খবর। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।মুম্বই পুলিশের এই সতর্কতা এবং বলিউডের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি সংবাদমাধ্যমকে মুখ খুলেছেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। তাঁর মতে, মুম্বই দেশের বাণিজ্যনগরী হয়ে ওঠার পর থেকেই সেখানে নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটছে। প্রশাসন কঠোর হলেও মাঝেমধ্যে অপরাধীরা মাথাচাড়া দিয়ে ওঠে। টাইগার শ্রফের উপর হামলার পর পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলেই তারকাদের সতর্ক করা হয়েছে বলে মনে করেন তিনি।তবে তারকাদের পক্ষে এই নির্দেশিকা মেনে চলা কতটা সহজ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রুদ্রনীল। তাঁর কথায়, পেশার প্রয়োজনে অভিনেতাদের প্রায়ই সাধারণ মানুষের সামনে আসতে হয়। শুটিংয়ের বাইরেও নানা সামাজিক অনুষ্ঠানে যেতে হয় তাঁদের। সব জায়গায় সব সময় কত জনের উপর নজর রাখা সম্ভব, সেটাও বড় প্রশ্ন। তারকাদের নিজস্ব নিরাপত্তারক্ষী থাকে, পুলিশের তরফেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তবু পরিস্থিতি কঠিন। সতর্ক থাকা জরুরি, কিন্তু এই ধরনের বিধিনিষেধ মেনে চলা তারকাদের পক্ষে সহজ নয়।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

মমতার ভাইয়ের ক্লাবে শুভেন্দু, পায়ে হাত দিয়ে প্রণাম বাবুনের! তারপর কী বললেন তিনি?

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় গিয়ে কালীপুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে যান তিনি। প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয় উপস্থিত হন শুভেন্দু। সেখানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান বাবুন। গাড়ি থেকে নামতেই শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। এরপর তাঁকে মালা পরিয়ে বরণ করা হয়।পুজোর মণ্ডপে গিয়ে কালীমাকে পদ্মফুলের মালা পরান মুখ্যমন্ত্রী। মায়ের সামনে দাঁড়িয়ে আরতিও করেন তিনি। পুজো শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে হেঁটে যান শুভেন্দু। সেই সময় বাড়ির উঠোনে অন্ধকার ছিল। সেখান থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের আরও কয়েকটি কালীপুজোর মণ্ডপে যান তিনি। পথে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী।শুভেন্দু চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন বাবুন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি যে খুশি, তা-ও জানান। বাবুন বলেন, দাদা বললেন, কালীপুজোয় তোমাদের কাছে আসতে পেরে ভাল লাগল। শুভেন্দুদার কাছে একটাই প্রার্থনা, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। তবে ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশি কথা বলার সুযোগ হয়নি বলেও জানান তিনি।এ দিন কালীঘাটের সেবক সংঘ এবং তরুণ যুবক সংঘের কালীপুজোয়ও যান শুভেন্দু। বিজেপির অভিযোগ, এই দুই ক্লাবের পুজো উদ্বোধনের জন্যই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সেই সময় তিনি যেতে পারেননি। এর মধ্যে শনিবার সেবক সংঘ এবং রবিবার তরুণ যুবক সংঘের পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় বলে অভিযোগ।মঙ্গলবার সেই দুই পুজোর মণ্ডপে গিয়ে বিসর্জনের আগের বিশেষ পুজোয় অংশ নেন শুভেন্দু। উল্লেখযোগ্য বিষয় হল, সেবক সংঘের পুজো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উলটো দিকে। ফলে একই সন্ধ্যায় মমতার পাড়ায় শুভেন্দুর এই উপস্থিতি রাজনৈতিক মহলে বিশেষ চর্চার বিষয় হয়ে উঠেছে।

নভেম্বর ১০, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal